সাভারে এক সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম রুমা আক্তার (৩০) তার স্বামীর নাম মোবারক হোসেন।
বৃহস্পতিবার সকালে সাভার পৌর এলাকার দক্ষিণ রাজাশন এলাকার নিজ বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ বলছে, রাতে কোনো এক সময় রুমা আক্তারকে দুর্বৃত্তরা জবাই করে হত্যা করে ঘর থেকে কিছু স্বর্ণালঙ্কার লুটপাট করে পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়।
নিহত ওই নারী তার নিজের টিনসেড বাড়িতে একাই থাকতেন। কিভাবে ওই নারী খুন হয়েছে বাড়ির ভাড়াটিয়াও জানতে পারেনি। দুর্বৃত্তরা রাতে ওই নারীর বাসায় কিছু ফল ও খাবার নিয়ে আসেন। ফল ও খাবারগুলো কে খেয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।
সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, কি কারণে ওই নারীকে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
সাভারের সবুজবাগ এলাকার একটি বাড়ি থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এসব ঘটনায় সাভার মডেল থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।








