জাকির হোসেন: সাভারে পৃথক ঘটনায় এক কলেজ ছাত্রসহ তিন জন নিখোঁজ হয়েছেন । নিখোঁজদের মধ্যে একজন মসজিদের ইমাম ও একজন গার্মেন্টস শ্রমিক রয়েছেন । এ ঘটনায় নিখোঁজদের পরিবারে আতঙ্ক বিরাজ করছে।
নিখোঁজদের পরিবারের সদস্যরা জানান, আশুলিয়ার দোসাইদ একে স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শরীফ হোসেন (১৮) গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন । শরীফ আশুলিয়ার আড়াগাও এলাকার আনোয়ার হোসেন রিপনের পুত্র । গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় নিজ বাড়ি থেকে বের হয়ে তিনি আর বাড়ি ফেরেননি । তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে ।
এছাড়া সাভারের শাহীবাগ বায়তুস সালাত জামে মসজিদের ইমাম ইব্রাহিম খলিল (২৭) ও স্থানীয় একটি গার্মেন্টস এর শ্রমিক শাকিল মিয়া (২৩) গত শুক্রবার থেকে নিখোঁজ রয়েছেন । তাদের মোবাইল ফোনও বন্ধ রয়েছে ।
সাভার ও আশুলিয়ায় পর পর তিন জন নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারসহ স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে । এসব ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে । পুলিশ জানিয়েছে, নিখোঁজ হওয়া ব্যক্তিদের সন্ধানে পুলিশ কাজ করছে।








