সাভারের নামাগেন্ডা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও করে রাখা বাড়িতে চূড়ান্ত অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযান শুরুর পর সেখান থেকে মাঝে মাঝে আসছে বিষ্ফোরণের শব্দ।
অভিযানে অংশ নিতে শনিবার সকালে ঢাকা থেকে সেখানে পৌঁছায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াট টিম।
শুক্রবার রাতে নামাগেন্ডা এলাকার সাকিব নামে সৌদি প্রবাসী এক ব্যক্তির ছয় তলা বাড়ি ঘিরে রাখে পুলিশের বিশেষ দল। ওই বাড়ির একটি ফ্লোর থেকে বোমা, বোমা তৈরির সরঞ্জাম, জিহাদী বই ও ল্যাপটপ জব্দ করে পুলিশ।
এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই এলাকার আরেকটি পাঁচ তলা বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির জানালা কেটে জঙ্গি মনিরসহ দু্ই ব্যক্তি পালিয়ে যায় বলে দাবি করে পুলিশ।
ওই বাড়ি থেকে শুক্রবার রাতে এক নারীকে গ্রেফতার ও দুই শিশুকে উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।







