সাব্বির রহমানের অপকর্মে বেশ কয়েকবার বিব্রত হয়েছে বিসিবি। সদ্যগত বছরের শেষদিকে এসে রাজশাহীতে জাতীয় লিগের ম্যাচ চলার সময় কিশোর দর্শককে মারধর করে আবারও সমালোচনার জন্ম দেন জাতীয় দলের এ ক্রিকেটার। ‘ব্যাড বয়’ টাইটেল পাওয়া সাব্বিরের লাগাম টেনে ধরতে জাতীয় দল থেকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করার চিন্তা-ভাবনাও করেছিল বিসিবির শৃঙ্খলা কমিটি!
শেষপর্যন্ত অবশ্য করা হয়নি। তবে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ, নগদ ২০ লাখ টাকা আর্থিক জরিমানা ও আগামী ছয় মাস ঘরোয়া ক্রিকেটে নিষেধাজ্ঞার খড়গ নেমেছে সাব্বিরের উপর। এরপরও কোন অপকর্মে জড়ালে সবধরনের ক্রিকেট থেকেই নিষিদ্ধ করা হবে বলে হুশিয়ারিও দিয়েছেন শৃঙ্খলা কমিটির ভাইস চেয়ারম্যান শেখ সোহেল, ‘এরপরও যদি সাব্বির না শোধরায়, কিংবা আবার কোনও অপকর্ম করে, আমরা তাকে জাতীয় দল থেকেও নিষিদ্ধ করবো।’
বিসিবির শৃঙ্খলা কমিটির করা সুপারিশ কার্যকর হবে আগামী বোর্ড সভায়। সাব্বিরের শাস্তি প্রসঙ্গে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘সবগুলোই আছে। আমি বলছি প্রস্তাবনা কি এসেছে। তবে হ্যাঁ, প্রস্তাবনায় একটা জিনিস বলেছে যে, এবারই তাকে শেষ সুযোগ দেয়া হচ্ছে। টাকার অঙ্ক কিন্তু অনেক। তারপরও বলছে, এটা তার শেষ সুযোগ। তার মানে তারা অনির্দিষ্ট সময়ের জন্য সাসপেন্ড করার চিন্তাও করেছে।’
গত ২১ ডিসেম্বর মাঠে নামার সময় এক কিশোর দর্শক সাব্বিরকে উদ্দেশ্য করে ‘ম্যাও’ শব্দটি উচ্চারণ করেন। পরে মাঠের বাইরে গিয়ে সাইডস্ক্রিনের পেছনে নিয়ে ওই ছেলেকে মারধর করেন সাব্বির। শুধু দর্শক পেটানো নয়; খেলা শেষে শুনানির সময় ম্যাচ রেফারি ও আম্পায়ারদের সঙ্গেও অশোভন আচরণ করেন সাব্বির। সেটিও ম্যাচ রেফারির প্রতিবেদনে উল্লেখ রয়েছে। ম্যাচ রেফারির দেয়া প্রতিবেদন অনুযায়ী সাব্বির আচরণবিধির ‘লেভেল-৪’ ভেঙেছেন। যাতে আর অপরাধীর শুনানির প্রয়োজন পড়ে না। তারপরও সাব্বিরের বক্তব্য নিয়েছে বিসিবি।







