বাংলাদেশ দলের ফুটবলাররা মানসিকভাবে এখনো বেশ পিছিয়ে আছে বলে মনে করেন জাতীয় দলের কোচ মারুফুল হক। তবে সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপার দিকেই চোখ তার। অধিনায়ক মামুনুল ইসলামও জানিয়েছেন, মাঠে নামতে পুরো প্রস্তুত তারা। রোববার সকালেই সাফে অংশ নিতে ভারতে যাচ্ছে বাংলাদেশ দল।
তিন-তিনবার কোচ বদল আর প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করে অবশেষে দেশী কোচ মারুফুল হকের অধীনে সাফ চ্যাম্পিয়নশিপ-২০১৫’র প্রস্তুতি সেরেছে জাতীয় ফুটবল দল।
২০১৩ সালের সাফে ভারতের কাছে শেষ মুহূর্তের হার পাকিস্তানের বিপক্ষেও দুর্বল করে তোলে মামুনুলদের। হার মানতে হয় নেপালের কাছেও। এবার ১৮ দিনের ক্যাম্প শেষে কোচ মারুফুল জানালেন, ছেলেদের মানসিক উন্নতি দলকে ভালো ফলাফল দিতে পারে।
বাংলাদেশের কোচ মারুফুল হক বলেন, তাদের মেন্টালিটি চেঞ্জ করার চেষ্টা করে যাচ্ছি। এইটা চেঞ্জ হলে আমি আশাবাদী আমাদের টার্গেট আমরা পূরণ করতে পারবো।
টুর্নামেন্টকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন শুধু সাফের জন্য দায়িত্ব পাওয়া এই কোচ। মারুফুল হক বলেন, আমি প্লেয়ারদেরকে সবসময়ই বলি যে প্রথম ম্যাচে জিততে পারলেই তোমার চ্যাম্পিয়নশিপ হাফ ডান। এটা প্লেয়াররা খুব ভালোভাবে নিয়েছে। আফগানিস্তানের বিপক্ষে আমাদের প্রথম ম্যাচটাতেই আমরা জয়লাভ করতে পাই।
ঘরোয়া কোচের সঙ্গে ভালো বোঝাপড়া থাকায় প্রস্তুতিতে পুরোপুরি সন্তুষ্ট অধিনায়ক মামুনুল। মামুনুল বলেন, আমাদের মেন্টালিটি স্ট্রং অনেক। যত বেশি ম্যাচ খেলছি ততবেশি অভিজ্ঞতা এবং ততবেশি নিজেকে পরিণত করতে পারছি।
২০ সদস্যের স্কোয়াড নিয়ে ভারতে যাচ্ছে বাংলাদেশ দল। ‘বি’ গ্রুপের হয়ে ২৪, ২৬ ও ২৮ ডিসেম্বর আফগানিস্তান, মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজরা।







