শুধু ম্যাচ সেরা নন, সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজেরও সেরা খেলোয়াড় হয়েছেন বিরাট কোহলি। তার বীরত্বেই ২৫ বছরের মধ্য প্রোটিয়া মাটিতে প্রথমবারের মত কোনো সিরিজ জিতেছে ভারত। ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ ৫-১ ব্যবধানে পকেটে ভরেছে কোহলির দল।
সাউথ আফ্রিকা সাফল্যের পর সদ্য বিবাহিতা স্ত্রী আনুশকা শর্মার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কোহলি। ম্যাচ শেষে প্রোটিয়াদের সাবেক অধিনায়ক শন পোলককে দেয়া সাক্ষাতকারে ভারত অধিনায়ক বলেন, ‘সিরিজ জেতার পর আলাদা করে আমার স্ত্রী কথা বলব। এই সফরে দুঃসময়ে সে আমার পাশে ছিল। সবসময় ইতিবাচক ছিল।’
আরেকটু যোগ করে বিরাটের ভাষ্য, ‘অতীতে সে আমাকে নিয়ে অনেক সমালোচনা শুনেছে। সবসময় আমার পাশে থেকে সাহস যোগানোর জন্য আমি আলাদা করে তার কাছে কৃতজ্ঞ। ভাল লাগছে যে, সবার সঙ্গে আমি তাকেও খুশি করতে পেরেছি।’
টেস্ট সিরিজের শুরুতে দুটি ম্যাচ হেরে যায় ভারত। তখন বেশ চাপে ছিলেন কোহলি। ফলে দল কিছু করে দেখাতে মরিয়া ছিল। বিরাট বলেন, ‘আমরা যা করতে চেয়েছিলাম, টেস্টের শুরুতে সেটা দেখাতে পারিনি। কিন্তু পিছু পা হইনি। যার ফলেই এই সাফল্য এসেছে।’
সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে হারে ভারত। তবে বাজে শুরুর পর তৃতীয় টেস্টে জয় পায় তারা। এরপর আর পেছনে তাকাতে হয়নি। ঘরের মাঠের মত আধিপত্য দেখিয়েই ওয়ানডে সিরিজ জিতে নেয় কোহলির দল। এখন দুদলের তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু হবে রোববার থেকে।








