ওয়ানডে সিরিজে ব্যাটে রান পাননি। আক্ষেপ হয়ত মনের ভেতর পুষে রেখেছিলেন। সেই আক্ষেপ একের পর এক বাউন্ডারি হয়ে ঝড়ল হ্যামিল্টনের সেডন পার্কে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দারুণ এক সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। এ বাঁহাতি ওপেনারের উড়ন্ত, দুরন্ত ব্যাটিংয়ে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ছাড়িয়েছে ২০০ রান।
ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি ছুঁয়ে ১২৬ রান করে আউট হন তামিম। খেলেন মাত্র ১২৮ বল। তার ইনিংসে ছিল ২১টি চার ও একটি ছয়ের মার।
টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ওপেনিং জুটিতে আসে ৫৭ রান। বিদেশের মাটিতে প্রথম টেস্ট খেলতে নামা সাদমান ইসলাম ২৪ রান করে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হলে ভাঙে প্রথম উইকেট জুটি। মুমিনুল হক ১২ রান করে ফেরেন সাজঘরে।
এছাড়া মোহাম্মদ মিঠুন ৮, সৌম্য সরকার ১ রান করে আউট হন। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ২১ ও লিটন দাস ৮ রানে ব্যাট করছেন।
পাঁজরের চোটের কারণে প্রথম টেস্ট খেলতে পারছেন না মুশফিকুর রহিম। লাল বলের অভিজাত ক্রিকেটে অভিষেক হয়েছে ইবাদত হোসেন চৌধুরীর। তার সঙ্গে পেস আক্রমণে খালেদ আহমেদ ও আবু জায়েদ রাহী। বিশ্রাম দেয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে। তাইজুল ইসলামকে একাদশের বাইরে রাখা হয়েছে। দলে একমাত্র স্পিনার মেহেদী হাসান মিরাজ।










