সাড়ে সাত বছরের বন্ধন ছিন্ন করে জানুয়ারির ভেতরই বার্সা ছেড়ে যাচ্ছেন মেসির জাতীয় দলের সতীর্থ মাসচেরানো। তার বার্সা ছাড়ার এই খবর বার্সেলোনার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
২০১০ সালে ২৪ মিলিয়ন ইউরোতে লিভারপুল থেকে বার্সায় এসেছিলেন তিনি। মাসচেরানো কোথায় যাবেন, সে বিষয়ে এখনো কিছু জানায়নি কাতালান ক্লাবটি। তবে কিছুদিন আগে ম্যানুয়েল পেল্লেগ্রিনি বলেছিলেন চাইনিজ সুপার লিগে যেতে পারেন এই তারকা।
৩৩ বছর বয়সী মাসচেরানো বুধবার সংবাদ সম্মেলনে হাজির হয়ে ক্লাব ছাড়ার ঘোষণা দিবেন। বিদায়ী অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট ছাড়াও তার সতীর্থরা থাকবেন।

বৃহস্পতিবার কোপা ডেল রে’তে এসপানিওলের বিপক্ষে বার্সার ম্যাচ আছে। তার আগেই ক্লাব থেকে বিদায় নেবেন তিনি।
বার্সায় মাসচেরানোকে আনা হয়েছিল মূলত মিডফিল্ডার হিসেবে। কিন্তু গার্দিওলা দায়িত্ব নেয়ার পর সেন্টার-ব্যাকে বেশি সুনাম অর্জন করেন।
শেষ বছরগুলোতে ডিফেন্সে পিকের সঙ্গে মাসচেরানো দারুণ বন্ধন গড়ে তোলেন। কিন্তু সম্প্রতি তার জায়গা নিয়ে নিয়েছেন স্যামুয়েল উমিতিতি।
গত ডিসেম্বরে মাসচেরানো বার্সা ছাড়ার ইঙ্গিত দেন। তখন বলেছিলেন, বার্সায় তার সময় শেষ হয়ে আসছে।
বার্সা ইতিমধ্যে মাসচেরানোর বিকল্প হিসেবে ইয়েরি মিনাকে দলে নিয়েছে। কলম্বিয়ার এই ডিফেন্ডার দুই সপ্তাহ আগে ব্রাজিলের ক্লাব পালমেরিয়াস থেকে স্পেনে আসেন।
বার্সায় ভিন্ন ভিন্ন পাঁচ কোচের অধীনে ৩৩৪টি ম্যাচে মাঠে নেমেছেন মাসচেরানো। এই সময়ে ১৭টি ট্রফি জিতেছেন। বিদেশি খেলোয়াড়দের মধ্যে তার চেয়ে বেশিবার বার্সার হয়ে মাঠে নেমেছেন কেবল লিওনেল মেসি, ফিলিপ কোকু এবং আলভেজ।









