বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় সাক্ষরতায় ভালো করছে বাংলাদেশ। গত ৮ বছরে দেশে শুধু সাক্ষর দেয়াই নয়, নিজের নাম লেখা, পত্রিকা পড়া ও বাংলায় লিখতে পারাদের সংখ্যা বেড়েছে।
এমন দাবি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, মান নিয়ে বিতর্ক থাকলেও, প্রাথমিক শিক্ষায় বাংলাদেশের অগ্রগতিকে অস্বীকার করার কোনো উপায় নেই।
পরিসংখ্যান ব্যুরো-বিবিএস’র দেয়া তথ্য অনুযায়ী দেশে সাক্ষরতার হার ৭২ দশমিক ৩ শতাংশ। যদিও বেসরকারি উন্নয়ন সংস্থা গণসাক্ষরতা অভিযান-ক্যাম্পে এক সমীক্ষা প্রতিবেদনে বলেছে, সাক্ষরতার হার ৫১ দশমিক ৩ শতাংশ। সরকারের সঙ্গে তথ্যের ফারাক প্রায় ২১ শতাংশ।
এমনই বাস্তবতায় সারা বিশ্বেই পালিত হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। মন্ত্রণালয় বলছে, ৫ থেকে ১৫ বছর বয়সীদের মধ্যে এখন সবাই পত্রিকা পড়তে পারে, চিঠিও লিখতে পারে। তবে ৫০ বছরের বেশি যাদের বয়স তাদের বেশিরভাগই শুধুই সাক্ষর করতে পারে।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলছেন, স্কুলে ভর্তির হার ৯৮ শতাংশের কিছু বেশি। গত ৮ বছরে ভর্তির হার বৃদ্ধি পাওয়ায় সাক্ষরতার হারেও উন্নতি হয়েছে। কমেছে ঝড়ি পড়ার হারও। এ ধারা চলতে থাকলে ২০২৫ এর আগেই সাক্ষরতার হার ৯০ শতাংশের কাছাকাছি এসে যাবে।









