শতরান পেরিয়ে দুর্দান্ত গড়িতে ছুটছে সাকিব-মুশফিকের জুটি। এর মাঝেই হয়ে গেছে দারুণ এক রেকর্ড। দেশের হয়ে সর্বোচ্চ পাঁচটি শতরানের জুটির রেকর্ড ছুঁয়েছেন দুজনে।
রোববার ওভালে সাউথ আফ্রিকার বিপক্ষে ৯৫ বলে জুটিতে শতরান পূর্ণ করেছেন সাকিব-মুশফিক। তৃতীয় উইকেট জুটিতে দুজনে ছুটছেন আরও বড় কিছুর দিকে। এটি তাদের যৌথ প্রযোজনায় বাংলাদেশের হয়ে ওয়ানডেতে পঞ্চম সেঞ্চুরি জুটি।
পাঁচটি করে শতরানের জুটি আছে আরও দুই ভাগিদারের। জুটিতে পাঁচবার শতরান ছুঁয়েছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। তামিম ও সৌম্য সরকারেরও আছে পাঁচটি করে শতরানের যৌথ প্রযোজনা।
বাংলাদেশের হয়ে জুটি বেঁধে সর্বোচ্চ রানের রেকর্ডের কীর্তিও সাকিব ও মুশফিক জুটির দখলে। তাদের রেকর্ড ছোঁয়ার দিনে বিশ্বকাপে চতুর্থবার শতরানের জুটি দেখল বাংলাদেশ। গত আসরে হয়েছিল বাকি তিনটি সেঞ্চুরি জুটি।







