ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার পর অস্থির সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট। চোটের কারণে নিউজিল্যান্ড সফরে যাওয়া হয়নি সাকিব আল হাসানের। দেশে পুনর্বাসন চলছে ভালোভাবেই। যখন ক্রিকেটারদের মানসিক অবস্থা আর ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে ব্যস্ত বিসিবি, তখন আলোচনায় সমানভাবেই সাকিবের মাঠে ফেরার বিষয়টিও।
বিপিএলের ফাইনালে পাওয়া চোটে লম্বা সময় বাইরে আছেন সাকিব। সুস্থতা ঠিকঠাক এগোলে আসন্ন আইপিএল দিয়ে ক্রিকেটে ফেরার জোর সম্ভাবনা আছে তার। তবে ভারত যাওয়ার আগে ঢাকা প্রিমিয়ার লিগেও এ অলরাউন্ডার খেলতে চেয়েছেন বলে জানালেন নাজমুল হাসান পাপন। বোর্ড সভাপতি সঙ্গে এটিও জানিয়ে দিলেন, ঢাকা লিগে সাকিবের খেলার সুযোগ একেবারেই নেই।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলা থেকে অল্পের জন্য বেঁচে ফেরা জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার দুপুরে শের-ই-বাংলা স্টেডিয়াম প্রাঙ্গণে এ প্রার্থনায় সামিল হন ক্রিকেটার ও বিসিবি কর্মকর্তারা।
পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন নাজমুল হাসান পাপন। ক্রিকেটারদের নিরাপত্তা ঘিরে বিসিবির ভবিষ্যৎ পরিকল্পনা, মানসিক কাউন্সেলিং’সহ অনেক বিষয়ের সাথে তখন বোর্ড সভাপতি কথা বলেন সাকিবের ক্রিকেটে ফেরা প্রসঙ্গেও।
‘সাকিব খেলতে চায়। আমাকেও বলেছে। ২০ তারিখে ওকে ডাক্তাররা দেখবে। এরপর জানা যাবে। এটা পুরোটাই ডাক্তারদের উপর।’
ডাক্তাররা ইতিবাচক সাড়া দিলে সাকিবের মাঠে ফেরা হয়ত দ্রুত হবে। তবে সেটি ঢাকা প্রিমিয়ার লিগে নয় বলেই জানালেন দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটির প্রধান।
‘সত্যি কথা বলতে, ওর প্রিমিয়ার লিগ খেলার কোনো সুযোগই দেখি না, এক্কেবারে না। ওদের তো লিস্টেই নাম ছিল না। খেলতে চাইলেই তো হবে না। ঢাকা প্রিমিয়ার লিগ কিন্তু এতো সহজ জিনিস না, ইচ্ছে হলেই খেলবো।’








