মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড পাওয়া রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ও রাষ্ট্রপক্ষের করা রায় পুনর্বিবেচনা আবেদন (রিভিউ) শুনানির জন্য আগামী ১৪ মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ শুনানির দিন ধার্যের আদেশ দেন।
আদালতের রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে রায় পুনর্বিবেচনার এই আবেদন (রিভিউ) আপিল বিভাগের বৃহস্পতিবারের (৬ এপ্রিল) কার্যতালিকায় আসে। কার্যতালিকার ১৩৮ নম্বরে থাকে রিভিউ আবেদনটি। তার আগে গত ৩ এপ্রিল আপিল বিভাগের প্রকাশিত কার্যতালিকার ১৪৭ নম্বরে ছিল দেলাওয়ার হোসাইন সাঈদীর রিভিউ আবেদনটি।
মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে ২০১৬ সালের ১৭ জানুয়ারি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেছিলেন সাঈদীর আইনজীবীরা।
আর একই বছরের ১২ জানুয়ারি সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই আবেদনে সাঈদীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায় পুনর্বহাল চাওয়া হয়।
২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
পরে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সাঈদী আপিল করেন। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সাঈদীর ফাঁসির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন।
সে আদেশের বিরুদ্ধে পরে রিভিউ করেন সাঈদী ও রাষ্ট্রপক্ষ।







