দীর্ঘ এক যুগ পর খুলনার সাংবাদিক মানিক সাহা হত্যা মামলায় দু’জনকে খালাস ও নয়জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
সাজাপ্রাপ্ত আসামীদের মধ্যে ৪ জন জেল হাজতে থাকলেও বাকি ৫ জন পলাতক রয়েছে।
চলতি মাসে রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার মামলাটির রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।
২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা শহরে প্রেসক্লাব থেকে অল্প দূরত্বে সাংবাদিক মানিক সাহাকে বোমা হামলা করে হত্যা করা হয়েছিল।
হত্যা মামলায় অভিযুক্তদের চরমপন্থী বাম সংগঠনের সদস্য বলে বলা হয়। তাদের বিরুদ্ধে সংবাদ পরিবেশনের কারণে মানিক সাহাকে হত্যা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছিল।
মামলা একবার পুন:তদন্ত হয়েছে।বছরের পর বছর মামলাটি ঝুলে ছিল। সরকারি আইনজীবীরা বলেছেন, মামলায় সাক্ষীরা সাক্ষ্য দিতে বিলম্ব করায় বিচারে এত দেরি হয়।
মানিক সাহার ছোট ভাই প্রদীপ সাহা বলেছেন, তারা অভিযুক্তদের সর্বোচ্চ সাজা আশা করেছিলেন। কিন্তু তা হয়নি। তারা এই রায়ে সন্তুষ্ট নন।
এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ্টি প্রকাশ করলেও ক্ষুব্ধ মানিক সাহার পরিবার ও সাংবাদিক নেতারা। রায়ের বিপক্ষে উচ্চ আদালতে আপিল করার কথা বলেছেন আসামী পক্ষ।
২০০৪ সালের ১৫ জানুয়ারির ওই হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক ও হত্যা আইনে দু’টি মামলার মধ্যে বিস্ফোরক মামলায় সাক্ষী না হওয়াই সকল আসামীকে খালাস দিয়েছেন আদালত।








