নির্বাচন কমিশনকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, বর্তমান সরকারের কোন কথা শুনবেন না। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচন উপহার দিন।
শনিবার বসুন্ধরা কনভেশন সেন্টারে বিএনপি নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে খালেদা জিয়া এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বর্তমান সরকার আজ দেশকে গ্রাস করেছে। জনবিরোধী একটি বাজেট দিয়ে সরকার মানুষের বাঁচার পথ বন্ধ করে দিচ্ছে। দুর্নীতির সুযোগ তৈরি করে দেশকে পুরোপুরি ধ্বংস করে দিতে এমন বাজেট দিয়েছে জনবিরোধী এই সরকার।’
খালেদা জিয়া বলেন, এই সরকার মানুষের দুঃখ-দুর্দশা দেখছে না। কারণ সরকার জনগণের সরকার নয়। এ কারণে দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
সরকারের উদ্দেশে তিনি বলেন, দেশের সকল বড় বড় দুর্নীতির সঙ্গে আওয়ামী লীগের লোকজন জড়িত। এভাবে দেশকে ধ্বংস করবেন না। জুলুম-নির্যাতন, অত্যাচার বন্ধ করুন। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার সুযোগ দিন।
নির্বাচন কমিশনের উদ্দেশে খালেদা জিয়া বলেন, সরকার যা বলবে তা করবেন না। জনগণের মতামত নিয়ে আপনারা কমিশন পরিচালনা করুন। আমরা অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই।
অবাধ নিরপেক্ষ নির্বাচন দিলে আওয়ামী লীগের পায়ের নিচে মাটি থাকবে না বলেও তিনি মন্তব্য করেন।
ইফতার মাহফিলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।







