সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের ঠিক তিন সপ্তাহের মাথায় বাংলাদেশ ভ্রমণের বিষয়ে অস্ট্রেলিয়া সতর্কতা জারি করলেও আনুষ্ঠানিকভাবে তারা বাংলাদেশ পুলিশকে কিছুই জানায়নি বা জানতেও চায়নি।
পুলিশ সদরদপ্তর সূত্র জানাচ্ছে, গত ৪ সেপ্টেম্বর দুই দেশের পুলিশ সন্ত্রাসবাদ দমনে সমঝোতা স্মারক সই করলেও ২৫ সেপ্টেম্বর অ্যালার্ট জারির বিষয়ে অস্ট্রেলিয়া তাদেরকে আগেভাগে কিছু জানায়নি।
‘তারা অবস্থা সম্পর্কে জানার কোনো চেষ্টাও করেনি,’ বলে মন্তব্য করেছেন পুলিশ সদরদপ্তরের এক কর্মকর্তা।
গত ৪ সেপ্টেম্বর ক্যানেবেরায় আইজিপি এ কে এম শহিদুল হক এবং অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের কমিশনার অ্যান্ড্রু কলভিন ওই সমঝোতা স্মারকে সই করেন।
আন্তঃরাষ্ট্রীয় সংগঠিত অপরাধ দমনে সহযোগিতাই সমঝোতার মূল লক্ষ্য। এসব অপরাধের মধ্যে আছে সন্ত্রাসবাদ, মাদক চোরাচালান, সাইবার অপরাধ, অস্ত্র চোরাচালান, জালিয়াতি এবং মানবপাচার।
পুলিশ সদরদপ্তরের কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বলেন, দুই দেশের মধ্যে মাত্র তিন সপ্তাহ আগে সমঝোতা স্মারক সই হলেও তারা ট্রাভেল অ্যালার্ট জারির আগে আমাদের কেনো কিছু বলেনি তা স্পষ্ট নয়।
‘এমনকি পরেও তারা কিছু বলেনি। আমাদের সঙ্গে যারা কথা বলেছেন বা বলছেন তারা ক্রিকেট বিষয়ক নিরাপত্তা কর্মকর্তা। কিন্তু, অস্ট্রেলিয়ার আইন-শৃঙ্খলা বাহিনীর কেউ আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানাননি।’







