আজ বাংলা নতুন বছর ১৪২৩ সালের প্রথম দিন। নববর্ষ উৎসবের হাওয়া যেনো লেগেছে চারিদিকে। বাংলাদেশের অধিবাসী প্রবাসীরাও এই উৎসব থেকে দূরে নেই। দূরে নেই বাংলাদেশে থাকা বিদেশী দূতাবাসগুলোর সদস্যরাও। তাদের মনেও বইছে বৈশাখী হাওয়া।
বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসেও চলছে বাংলা নববর্ষের আমেজ। তাই দেশের সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে ছবিসহ ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছে তারা।
ছবিতে দেখা যায়, বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট শাড়ি, চুড়ি, টিপ পরে এবং ডেপুটি চিফ অব মিশন ডেভিড মিল পাঞ্জাবী গায়ে পুরো বাঙালি সাজে হাসিমুখে বসে আছেন। তাদের সামনে মাটির পাত্রে ভাত, ভর্তা, মাছসহ সব বাঙালি খাবার। দু’জনেই খাওয়ার জন্য তৈরি।
ছবির সঙ্গে পোস্টে লেখা রয়েছে:
‘শুভ নববর্ষ বাংলাদেশ!
সবাইকে শুভ বাঙালি নববর্ষের শুভেচ্ছা!
দেখুন, রাষ্ট্রদূত বার্নিকাট এবং ডেপুটি চিফ অব মিশন মিল কিছু ঐতিহ্যবাহী বাংলা বৈশাখী খাবারের স্বাদ নিচ্ছেন!
আপনার নববর্ষ কেমন কাটলো আমাদের সাথে শেয়ার করুন!’









