বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তী উৎসব ও মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগদান শেষে নিজ দেশে ফিরে গিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ। এরমধ্যে দিয়ে বাংলাদেশে ভারতের রাষ্ট্রপতির তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষ হয়েছে।
আজ দুপুর ১২টা ৪০ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজ হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
এরআগে আজ সকালে রমনা কালি মন্দিরের বর্ধিতাংশ উদ্বোধন করেন ভারতের রাষ্ট্রপতি। মন্দিরে তাকে স্বাগত জানান কৃষিমন্ত্রী ডক্টর আবদুর রাজ্জাক, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এবং মন্দির ব্যবস্থাপকরা।
মন্দিরে পূজা দেওয়ার পর সপরিবারে মন্দির ঘুরে দেখেন ভারতের রাষ্ট্রপতি। কথা বলেন পূজারি, মন্দির ব্যবস্থাপক এবং দর্শনার্থীদের সঙ্গে।
মন্দির থেকে হোটেল ফিরে তিনি বাংলাদেশে অবস্থানরত ভারতীয় প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।
এ সময় রামনাথ কোভিন্দ বলেন, পাকিস্তানের ধ্বংস করা কালিমন্দির পুনরুদ্ধার ও সংস্কারে সহায়তা করেছে ভারত। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভারত অংশী হয়ে থাকবে।
পরে সপরিবারে দিল্লীর উদ্দেশে রওনা হন ভারতের রাষ্ট্রপতি।
বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উৎসব ও মুজিববর্ষের সমাপনীতে যোগ দিতে স্ত্রী ও কন্যাসহ বুধবার ঢাকায় এসেছিলেন প্রতিবেশি দেশের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ।







