সুস্মিতা সেনের পর বলিউড তারকা মনীষা কৈরালা এবার কন্যা সন্তান দত্তক নিতে যাচ্ছেন। এর মধ্যে তিনি এর জন্য সব প্রস্তুতিই সেরে নিচ্ছেন। সব ঠিক থাকলে এ বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতেই সন্তান দত্তক নেবেন তিনি। এ ব্যাপারে মনীষা বলেন, ‘হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন, আমি একটি কন্যা সন্তান দত্তক নিতে যাচ্ছি। আর তা এ বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে হতে যাচ্ছে।’
প্রায় পাঁচ বছর আগে সম্রাট দাহালের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় মনীষার। দুই বছরের সংসারজীবন ছিল তাদের।
মনীষা এখন ব্যস্ত আছেন নার্গিস দত্তের চরিত্রে অভিনয় করার প্রস্তুতি নিয়ে। সঞ্জয় দত্তের মা নার্গিস দত্ত বলিউডের বেশ দাপুটে অভিনেত্রী ছিলেন। আর তিনি মারা যান ক্যানসারে আক্রান্ত হয়ে। অন্যদিকে মনীষাও ক্যানসারের সাথে লড়াই করে যাচ্ছেন। ছবিতে নার্গিসের ছেলে সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর।
মনীষা বলেন, ‘এ প্রজন্মের নায়কদের মধ্যে রণবীরকে আমি অনেক পছন্দ করি। তার সঙ্গে অভিনয় করতে আমার বেশ ভালো লাগবে বলে আশা করছি।’
ছবিতে নার্গিস দত্তকে ফুটিয়ে তুলতে তার সম্বন্ধে পড়াশোনা করা, ভিডিও দেখা, সঞ্জয়ের বোন প্রিয়ার সঙ্গে দেখা করা, তার মতো চুলের ধরন ফুটিয়ে তোলাসহ কোনো প্রস্তুতিই বাদ রাখেননি মনীষা। বললেন, ‘চলনে, বলনে এবং সব কিছুতেই তাকে ফুটিয়ে তুলতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।’ ডেকান ক্রনিকল।








