আদালত অবমাননার অভিযোগে সকালে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের পর দুপুরে জামিন নিয়ে বিকেলে হাইকোর্টের সেই কারাদণ্ডে স্থগিতাদেশ পেলেন কুমিল্লার সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা।
আদালত অবমাননার অভিযোগে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ থেকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড পাওয়ার তিন ঘণ্টা পর আপিলের শর্তে একই বেঞ্চ থেকে ৩০ দিনের জামিন পান মো. সোহেল রানা।
এরপর বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে ২০ নভেম্বর পর্যন্ত হাইকোর্টের দেয়া কারাদণ্ডে স্থগিতাদেশ পান বিচারক মো. সোহেল রানা। আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালত বৃহস্পতিবার বিকেল ৫ টার পর এই স্থগিতাদেশ দেন বলে চ্যানেল আই অনলাইনকে জানান মো. সোহেল রানার আইনজীবী শাহ মঞ্জুরুল হক। এই আইনজীবী আরও জানান ২০ নভেম্বর বিষয়টি আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চে শুনানির জন্য থাকবে।
এক মামলায় হাইকোর্টের আদেশ অমান্যর অভিযোগে ব্যাখ্যা দাখিল করেন সোহেল রানা, তাতে সন্তুষ্ট না হয়ে সোহেল রানার প্রতি আদালত অবমাননার রুল জারি করেন হাইকোর্ট। পরে সোহেল রানা নিঃশর্ত ক্ষমা চাইলে হাইকোর্ট তার নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা গ্রহণ না করে তাকে আজ ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। সেই সাথে তাকে সাত দিনের মধ্যে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। সোহেল রানা বর্তমানে আইন মন্ত্রণালয়ে অতিরিক্ত জেলা জজ হিসেবে সংযুক্ত আছেন।







