সংসারে অশান্তি হলে এখন থেকে শুধু সংসার বাঁচানোর চেষ্টাতেই অস্থির থাকবেন না। বরং চিন্তা করুন কিভাবে নিজের শরীরটাকেও বাঁচাবেন। কারণ সাম্প্রতিক এক গবেষণা বলছে সংসারে অশান্তি থাকলে তা যে শুধু মনেই প্রভাব ফেলে তাই নয় বরং শরীরেও বাঁধায় নানান রোগ। এর মধ্যে ডায়াবেটিস অন্যতম।
আমেরিকার মিসিগান স্টেট ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের অধ্যাপক হুই লিউ জানান, বিবাহিত জীবনে অশান্তি বা বিচ্ছেদের ফলে পুরুষদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ে।
এর কারণ অবশ্য অন্যকিছু নয়, স্ত্রীর যত্নআত্তি আর পুরুষের অবহেলা। গবেষণায় দেখা যায়, বেশির ভাগ ক্ষেত্রে স্ত্রীরাই স্বামীর শরীর-স্বাস্থ্যের দিকে নজর রাখেন। কিন্তু, বৈবাহিক জীবনে সুখ না থাকলে পুরুষেরা নিজেদের শরীরের যত্ন নেন না তেমনভাবে। শুধু তাই নয়, প্রবল মানসিক অশান্তির মধ্যে দীর্ঘ দিন থাকতে থাকতেও অনেকে ডায়াবেটিসের শিকার হন।
দীর্ঘ পাঁচ বছর ধরে ‘ন্যাশনাল স্যোশাল লাইফ, হেলথ অ্যান্ড এজিং প্রজেক্ট’ নামে একটি প্রজেক্টে বিবাহিত জীবনে অসুখী এমন ১,২২৮ জন দম্পতির উপর সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে এসেছেন হুই লিউ। এদের মধ্যে ৩৮৯ জনই পরবর্তীতে ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন।
তাই সংসারে অশান্তি হলে শুধু মনের কষ্টের কথা ভেবে সেটাকে যেন উপেক্ষা করবেন না। ভাবুন শরীরের কথাও। শরীর থেকে মিষ্টতা কমাতে সম্পর্কে মিষ্টতা আনাই ভালো নয় কি?








