জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপের শুরুতে প্রধানমন্ত্রী হাসিনা তার সরকারের প্রায় দশ বছর মেয়াদে দেশের সার্বিক উন্নয়নকে মূল্যায়ন করার ভার ঐক্যফ্রন্টের নেতাদের ওপর ছেড়ে দিয়ে বলেছেন, দেশের মানুষ ভালো আছে। তাদের ভাগ্যের পরিবর্তন ঘটছে।
‘‘দিনবদলের যে সূচনা করেছিলাম সেই দিন বদল হচ্ছে। এটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে’’
বৃহস্পতিবার গণভবনে সন্ধ্যা ৭টার পর শুরু হওয়া সংলাপের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণভবনে আগত জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জন্য যে আর্থ-সামাজিক উন্নয়নের কাজ করে যাচ্ছি। দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে গণতন্ত্রের অব্যাহত রয়েছে। এটা বাংলাদেশের উন্নয়নের গতিধারা অব্যাহত রাখার ক্ষেত্রে বিরাট অবদান রাখবে।
দেশের সার্বিক উন্নয়নই তার মূল লক্ষ্য জানিয়ে তিনি বলেন, ‘‘আমি এটা বিচারের ভার আপনাদের উপর ছেড়ে দিব। দীর্ঘ নয় বছর ১০ মাস হতে চললো। আমরা এই সময়ের মধ্যে দেশে কত উন্নয়ন করতে পেরেছি; সেটা নিশ্চয়ই আপনারা বিবেচনা করে দেখবেন।”
‘‘তবে এটুকু বলতে পারি, বাংলাদেশের সাধারণ মানুষ ভালো আছে। তাদের ভাগ্যের পরিবর্তন ঘটছে। দিনবদলের যে সূচনা করেছিলাম, সেই দিন বদল হচ্ছে। এটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।’’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা আমাদের মহান নেতা জাতির পিতার নেতৃত্বে আমরা এ স্বাধীনতা অর্জন করেছি। আজকে সেই স্বাধীনতার সুফল যেন প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছাতে পারে; সেটাই আমাদের একমাত্র লক্ষ্যে। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।
এর আগে সন্ধ্যায় পৌনে ৭টার দিকে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের নেতৃত্বে সংলাপে অংশ নিতে গণভবনে পৌঁছায় সংগঠনটির ২১ সদস্যের প্রতিনিধি দল।
এ সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের ২৩ জনের প্রতিনিধি দল অংশ নিচ্ছেন।

সোমবার হঠাৎ করেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে তাদের দল সংলাপে বসবে।
এর পরের দিন জাতীয় ঐক্যফ্রন্টকে গণভবনে সংলাপের আমন্ত্রণ জানিয়ে চিঠিও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচনসহ ঘোষিত ৭ দফা দাবি ও ১১টি লক্ষ্য সম্বলিত একটি চিঠি রোববার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে পৌঁছে দেন ঐক্যফ্রন্টের নেতারা।
আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার কাছে দেয়া জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে সংলাপের আহ্বান জানানো হয়।
গত ১৩ অক্টোবর ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপিসহ চারটি দলের সমন্বয়ে নতুন রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট আত্মপ্রকাশ করে।








