ষাট ও সত্তর দশক ছিল বাংলা চলচ্চিত্র সঙ্গীতের সোনালি যুগ। অসংখ্য কালজয়ী গান এ সময় রচিত ও গীত হয়েছে। এছাড়াও সৃষ্টি হয়েছে জনপ্রিয় নানা আধুনিক গান। শুক্রবার রাতে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে পুরোনো দিনের সেই সব গান নিয়ে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে গানের দল ‘জলতরঙ্গ’।
আধুনিক গান নিয়ে কাজ করছে জলতরঙ্গ। নিয়মিত তারা আয়োজন করে শ্রোতার আসর। বাংলা গানের চর্চায় চার বছর পূর্ণ করেছে দলটি। চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার আয়োজিত হয় ভিন্নধর্মী এই সঙ্গীতানুষ্ঠান।
‘গান হয়ে এলে’ শীর্ষক এ আয়োজনে উপস্থিত ছিলেন সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ছিলেন সংগঠনের সভাপতি মাসুদা খান ও সাধারণ সম্পাদক জাকির হোসেন তপন।
সন্ধ্যা সাতটায় অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই পরিবেশিত হয় ‘সুতরাং’ সিনেমার গান ‘এই যে আকাশ, এই যে বাতাস’। এরপর একে একে পরিবেশিত হয় ‘ফুলের কানে ভ্রমর এসে’, পিচ ঢালা এ পথটারে ভালবেসেছি’, ‘দুটি পাখি একটি ছোট্ট নীড়ে’, ‘শুধু গান গেয়ে পরিচয়’, ‘সালাম পৃথিবী তোমাকে সালাম’, ‘যা রে যাবি যদি যা’, ‘গান হয়ে এলে’, ‘নীল আকাশের নিচে আমি’ গানগুলো।








