তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসা শ্রীলঙ্কা দলে হানা দিয়েছে করোনাভাইরাস। কোভিড পজিটিভ হয়েছেন ক্রিকেটার শিরান ফার্নান্দো। তবে সিরিজ নিয়ে অনিশ্চয়তা নেই। দুপুর ১টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রথম ওয়ানডে।
লঙ্কান কোচ চামিন্ডা ভাস ও পেসার ইসরু উদানাও গতকাল পজিটিভ হয়েছিলেন। আরেকদফা পরীক্ষার পর জানা যায় তারা ছিলেন ফলস পজিটিভ। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম ও জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও ফলস পজিটিভ হয়েছিলেন।
বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে এ খবর জানিয়েছেন। তিনি জানান, সিরিজ শুরু হওয়া নিয়ে শঙ্কা নেই। যথাসময়েই মাঠে গড়াবে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে।
সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে আগামী ২৫ ও ২৮ মে। সব ম্যাচই দিবা-রাত্রির।








