বলিউড নির্মাতা হংসাল মেহেতা জানিয়েছেন শ্রীদেবীকে নিয়ে একটি ছবি তৈরি করার পরিকল্পনা ছিল তার। শ্রীদেবীর প্রয়াণের কারণে তা আর সম্ভব হলো না। শ্রীদেবির সঙ্গে কাজ করতে না পারার এই আফসোস তার কোনো দিনও যাবে না।
হংসাল মেহেতা টুইটারে লিখেছেন, ‘আরেকজন শ্রীদেবী কখনোই আসবেন না। আমি তাকে নিয়ে একটি ছবি তৈরির কথা ভাবছিলাম। এখন সেই ছবিটি শ্রীদেবীকে উৎসর্গ করব, যদি ছবির জন্য একজন অভিনেত্রী খুঁজে পাই।’
মেহেতা জানান, ছবিটি একটি বই অবলম্বনে তৈরি হতে পারে। তবে এর বেশি কোনো তথ্য দিতে রাজি হননি এই নির্মাতা। তিনি বলেন, ‘এটা তৈরি হবে। কিছু অভিনেত্রীকে নিয়ে পরিকল্পনা আছে। আমি হয়তো বিদ্যা বালানকে প্রস্তাব দিব। ছবিটি আমি তৈরি করবই।’
২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের হোটেলের বাথটাবে ডুবে মৃত্যু হয়েছে বলিউডের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবীর। মাত্র ৫৪ বছর বয়সে তাঁর এই মৃত্যু এখনও মেনে নিতে পারেননি অনেকেই। -ইন্ডিয়ান এক্সপ্রেস







