রাজধানীর শ্যামলী এলাকার তাজিন হোটেল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার নারী মিথিলা (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গত ৮ জুলাই রাতে এই নারীকে শ্যামলীর ওই হোটেল থেকে উদ্ধার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
উদ্ধারের পর তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। ১২ দিন পর ভুক্তোভুগী এই নারী মারা যান।
মিথিলার গলায় দড়ির দিয়ে টানার দাগ এবং হাতে ও পায়ে ক্ষতের দাগ রয়েছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মোহম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক চানেল আই অনলাইনকে জানান, ভুক্তভোগী ওই নারীর আসল নাম পরিচয় এখনো জানা যায়নি।
হোটেলে মিথিলা নামেই রেজিস্ট্রার ছিলো বলে ধারণা করা হয়।
তবে গত ৮ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে আশরাফ নামের এক ছেলের সঙ্গে এই তরূণী শ্যামলীর তাজিন হোটেলে একটি রুম ভাড়া নেন। সে সময় তারা স্বামী-স্ত্রীর পরিচয় দেন হোটেল ম্যানেজারের কাছে।
হোটেলের রেজিস্টার খাতায় তারা দু’জনই ব্রাহ্মণবাড়িয়া কশবা থানার চড়চন্দিপুর গ্রামের ঠিকানা দিয়েছিলেন।
ঘটনার পর থেকে ওই যুবক নিখোঁজ রয়েছেন। পুলিশের তদন্তে তাদের ঠিকানার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান এসআই আজিজুল হক।







