বছর ঘুরে আবারও এলো পহেলা বৈশাখ। চৈত্রসংক্রান্তি শেষে হালখাতা ও বর্ষবরণ উপলক্ষে নানা আয়োজন নিয়ে আজ বর্ণিল ও বর্ণাঢ্য উৎসবে মেতে উঠেছে সারা দেশের মানুষ! টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া- সর্বত্রই থাকছে বর্ষবরণ উৎসবের আমেজ! বর্ষবরণ নিয়ে জনপ্রিয় লাক্সতারকা মিম মানতাসা জানাচ্ছেন বৈশাখী দিনের ব্যস্ততা…
ছোটবেলায় দেখতাম মা পহেলা বৈশাখে বাসায় অনেক ধরনের খাবার রান্না করত। সেই তালিকায় বাঙালীয়ানা সব ধরনের খাবারই থাকত। বৈশাখের যত ধরনের খাবার তার সবই। ওই সময়টাতে বিকেলে ঘুরতে বের হতাম।পাশাপাশি বৈশাখী মেলাতে যাওয়া হত অনেক। এরপর বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হলাম সকালবেলা পহেলা বৈশাখেটা ক্যাম্পাসেই কাটিয়েছি। তবে দুপুরের দিকে বাসায় চলে আসতাম। সর্বশেষ পহেলা বৈশাখটা লাক্স ক্যাম্পেই কাটিয়েছি। এবারেরটা পরিবারের সঙ্গে কাটাচ্ছি। কারণ বৈশাখের আগের রাত পর্যন্ত কাজ করতে হয়েছে। পরিবারের সঙ্গে বৈশাখ কাটানোর মতো আনন্দ কোথাও নেই।
আমার মনে হয় শৈশবের বৈশাখগুলোই বেশি মজার ছিল। কারণ তখন কিছুই বুঝতাম না। ঈদ মানে যেমন আনন্দ ছিল, বৈশাখ মানেও ঠিক তেমনই। এখন বড় হয়ে যাওয়ার কারণে ঈদ, বসন্ত, বৈশাখ সাধারণ হয়ে গেছে। এখন কাজের প্রেশার বেড়ে গেছে। যে কোনো উৎসবের আগেই আমাদের সাজতে হয়! যার কারণে ওই এক্সাইটমেন্টটা কমে গেছে। তার মানে যে একদম নেই, তা নয়। যে আনন্দটা ছোট বেলাতে পেয়েছি, ওটা যেন দিন দিন কোথায় হারিয়ে যাচ্ছে।








