অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির ফাইনালে শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। ভারতের বিপক্ষে ৫-৪ গোলে হেরে শিরোপার প্রত্যাশা অধরাই থেকে গেলো লাল-সবুজের প্রতিনিধিদের।
ম্যাচের প্রথমার্ধ শেষ হয় ২-১ গোল ব্যবধানে বাংলাদেশের অনুকূলে। তবে দ্বিতীয়ার্ধে আবার ৪-৪ গোলে সমতা আনে ভারত। এমন স্কোরেই চলতে থাকা ম্যাচটির নির্ধারিত সময় শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে গোলের দেখা পেয়ে যায় ভারত। আর স্বাগতিকদের হতাশায় মুহ্যমান করে মেতে উঠে শিরোপা জয়ের উৎসবে।
টুর্নামেন্ট জুড়েই বাংলাদেশের যাত্রা ছিলো দুর্বার অপ্রতিরোধ্য। এই ভারতকেই নিজেদের প্রথম ম্যাচে ৫-৪ গোলে পরাজিত করেছিলো বাংলাদেশ। একই স্কোরলাইন ঠিক বিপরীতভাবে ফাইনালেও ফিরে এলো স্বপ্নটা গুড়িয়ে দিয়ে।
গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে ওমানকে ১০-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছে আশরাফুল-মহসিনরা। এরপর প্রথম সেমিফাইনালেও আধিপত্য বজায় রেখে চাইনিজ তাইপেকে ৬-১ গোলে উড়িয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিলো আশরাফুল-রাব্বি-রাজু-সজীবরা।







