বক্সে বসে দলকে একের পর এক গোল খেতে দেখতে কার বা ভালো লাগে। মেসিরও লাগেনি। রাগে-ক্ষোভে দশ মিনিট আগে খেলা দেখা বাদ দেন। খবর মার্কার।
মঙ্গলবার রাতে স্পেনের বিপক্ষে ৬-১ গোলে উড়ে যায় আর্জেন্টিনা। ইনজুরির কারণে খেলা হয়নি দলের প্রধান খেলোয়াড় লিওনেল মেসির।
আর্জেন্টিনাকে হারাতে হ্যাটট্রিক করেন ইস্কো। একটি করে গোল করেন ডিয়েগো কস্তা, থিয়াগো আলকান্তারা ও ইয়াগো আসপাস।
প্রথমার্ধে কস্তা এবং ইস্কোর গোলে পিছিয়ে পড়ার পর ৩৯ মিনিটে ওটামেন্ডি ব্যবধান ২-১ করেন। প্রথম ৪৫ মিনিটে আর কোনো গোল হয়নি। এই পর্যন্ত এস্তাদিও ওয়ান্দা মেট্রোপলিটনের একটি বক্সে স্বাভাবিক ছিলেন মেসি। বিরতির সময় দলকে পরামর্শও দেন।
দ্বিতীয়ার্ধে শুরু হয় স্পেনের ‘পাখির ডানা ঝাপটানো’ আক্রমণ। উইং প্লে, কাউন্টার অ্যাটাকে দিশেহারা হয়ে পড়ে মেসিহীন আর্জেন্টিনা। শেষ চারটি গোল হয় ৫২, ৫৫, ৭৩ এবং ৭৪ মিনিটে।
মার্কা তাদের এক প্রতিবেদনে জানিয়েছ, দ্বিতীয়ার্ধে একের পর এক গোল হওয়ার সময় পায়চারি করতে থাকেন মেসি। এক সময় ধৈর্যহারা হয়ে সাজঘরের দিকে চলে যান। এরপর আর তার দেখা মেলেনি।
ধারণা করা হয়, ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু সেখানেও তার দেখা মেলেনি। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে আসেন কোচ সাম্পাওলি।
আরও পড়ুন: এমন হারকে ‘থাপ্পড়’ মনে করছেন আর্জেন্টিনা কোচ।








