সাউথ আফ্রিকায় টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের পর ভারতের কাছেও হেরেছে বাংলাদেশের মেয়েরা। ১৮৪ রানের পাহাড় ডিঙাতে গিয়ে নিগার সুলতানার দল দেড়শও করতে পারেনি। হারতে হয়েছে ৫২ রানের বড় ব্যবধানে। ১২ ফেব্রুয়ারি বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে টিম টাইগ্রেস।
পাওয়ার প্লে’র ৬ ওভারে ৩৫ রানে ভারতের ৩ উইকেট তুলে নিয়ে শুরুটা বেশ ভালো করেছিল বাংলাদেশ। তারপর শুধুই হতাশা উপহার দিয়ে গেল নিগার সুলতানার দল। টি-টুয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে শুরুর চাপ কাটিয়ে ভারতের মেয়েরা ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৮৩ রান।
অল্পের জন্য সেঞ্চুরি করতে পারেননি রিচা ঘোষ। ৫৬ বলে ৯১ রানে অপরাজিত থাকেন এই ভারতীয়। মারেন ৯টি ছক্কা, তিনটি চার। জেমিমাহ রদ্রিগেজ ২৭ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলেন। চতুর্থ উইকেট জুটিতে তারা ৬৬ বল খেলে যোগ করেন ৯২ রান।
শেষ ৩ ওভারে ভারত নেয় ৪৬ রান। ৪ বলে ২ ছক্কায় ১৩ রানে অপরাজিত থাকেনপ পূজা। ৩ ওভারে ২৪ রানে দুটি উইকেট নেন নাহিদা আক্তার। সবচেয়ে খরুচে ছিলেন জাহানারা আলম। একটি উইকেট নিলেও ৪ ওভারে ৫৪ রান দেন টাইগ্রেস পেসার। মারুফা আক্তার ও সালমা খাতুন নেন একটি করে উইকেট।
ভারতের বড় রান তাড়ার সাহস দেখায়নি বাংলাদেশ। ওপেনার মুর্শিদা খাতুনের ৩২ বলে ৩২ ও অধিনায়ক নিগারের ৩৬ বলে ৪০ রান বাংলাদেশের ইনিংসটা একটু ভদ্রস্থ করেছে আরকি! ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩১ রানে থামে দল।







