টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নেয়ার লড়াইয়ে সাউথ আফ্রিকাকে ভীষণ চাপে রেখেছে বাংলাদেশ। ১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে প্রোটিয়ারা তুলেছে ৮০ রান। শেষের ওভারগুলোও নিয়ন্ত্রিত হলে টাইগারদের লক্ষ্যটা থাকবে নাগালে। স্লগ ওভারের চ্যালেঞ্জে জয়ী হলে বাড়বে জয়ের সম্ভাবনাও।
২৩ রানে ৪ উইকেট হারিয়েছিল প্রোটিয়া দল। পঞ্চম উইকেট জুটিতে আগাচ্ছে তারা। জুটি ভাঙতে পারত লিটন দাস ডেভিড মিলারের ক্যাচ গ্লাভসে জমা করতে পারলে। ১১তম ওভারে আসা মাহমুদউল্লাহ রিয়াদের প্রথম ডেলিভারিতে এজ হয়, ক্যাচ যায় বাংলাদেশ কিপারের হাতে। তালুবন্দি করতে পারেননি লিটন। সাউথ আফ্রিকার সংগ্রহ তখন ৫৭ রান।
নিউইয়র্কে ইনিংসের দ্বিতীয় বলেই মিড উইকেট দিয়ে বিশাল ছক্কা মেরে তানজিম হাসান সাকিবকে তাঁতিয়ে দিয়েছিলেন কুইন্টন ডি কক। পরের বলেও হজম করতে হয় বাউন্ডারি। তবে শেষ ডেলিভারিতে মেলে সাফল্য। রেজা হেনড্রিক্সকে (০) দারুণ এক বলে এলবিডব্লিউ করেন তরুণ পেসার। পরের ওভারে ফেরান ঝড় তোলা ডি কককে (১৮)।
বোল্ড করেন সাউথ আফ্রিকার তারকা ওপেনার ডি কককে। তাসকিন আহমেদেরও সাফল্য পেতে অপেক্ষা করতে হয়নি। এইডেন মার্করামকে (৪) বোল্ড করে দেখান সাজঘরের পথ। পরে তানজিম আবারও আঘাত হানেন আগুনে বোলিংয়ে। ত্রিস্তান স্টাবসকে ফেরান শূন্য রানে।
দুর্দান্ত ফর্ম নিয়েই বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছে প্রোটিয়াবাহিনী। টানা দুই জয়ে সুপার এইটের পথে থাকা দলটির টাইগারদের বিপক্ষে শুরুটা ভালো হয়নি। টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার এইটে খেলার দাবিদার বাংলাদেশও।’








