পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, বাঙালিকে কেউ আর দমিয়ে রাখতে পারবে না। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।
তিনি বলেন, সারাবিশ্ব এখন আমাদের প্রধানমন্ত্রীকে সম্মান করে। আমরা এখন আর কারও কাছে মাথানত করার জাতি নই।
পরিকল্পনামন্ত্রী আজ শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এলাকার উন্নয়ন প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘অচিরেই শান্তিগঞ্জ পৌরসভা বাস্তবায়ন হবে। হাওরে উড়াল সেতু হবে, রেললাইন হবে, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন হবে।’
ছাত্রলীগের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘তোমরা আদর্শ ঠিক রেখে চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করবে। আমি সবসময়ই তোমাদের পাশে আছি। মানুষের কল্যাণে অবশ্যই কাজ করতে হবে। নিজেরা সবসময়ই ঐক্যবদ্ধ থাকতে হবে। যারাই দেশের শত্রু, মানুষের শত্রু তাদের প্রতিহত করতে হবে।’








