মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপের মুখে পড়েছে টাইগাররা।
দলীয় ২ রানের মাথায় কোনো রান না করেই লুক মাফুয়া জংউয়ের বলে ড্রাইভ করতে গিয়ে পয়েন্টে ক্রেমারের হাতে ধরা পড়েন লিটন। এরপর আরেক ওপেনার তামিম ওয়ানডাউনে নামা মাহমুদউল্লাহকে নিয়ে জুটি গড়েন।
কিন্তু দলীয় ৩০ রানের মাথায় পানিঙ্গারার বলে সরাসরি ক্লিন বোল্ড হয়ে প্যাভিলনে ফেরেন মাহমুদউল্লাহ। তিনি মাত্র ৯ রান করেন।
ক্রিজে আসেন নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
এর আগে মিরপুরের হোম অব ক্রিকেটে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সফরকারী জিম্বাবুয়ে দলের দলপতি এলটন চিগুম্বুরা।
টাইগারদের স্কোয়াডে ফিরেছেন আল আমিন হোসেন। গত নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষেই সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন এই পেসার। দক্ষিণ আফ্রিকা সিরিজে না খেলা বাঁহাতি স্পিনার আরাফাত সানিও একাদশে ফিরেছেন।
বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ৬৪টি ম্যাচে টাইগাররা জিতেছে ৩৬টি ম্যাচ আর জিম্বাবুয়ে জিতেছে ২৮টি ম্যাচ।






