লিস্ট ‘এ’ ক্যারিয়ারে প্রথম শতক হাঁকিয়েছেন শুভাগত হোম। পাশাপাশি অর্ধশতক পেয়েছেন আফিফ হোসেনও। দুজনের এমন ব্যাটিংয়ে শাইনপুকুর ২৮৮ রান করেও ঢাকা প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৫ উইকেটে হেরে গেছে।
প্রথমে ব্যাট করে শুভাগত-আফিফের পঞ্চম উইকেটে ১৪৩ রানের জুটিতে বড় সংগ্রহ পায় শাইনপুকুর। ৯৮ বল খেলে ১২টি চার এবং চারটি ছয়ে ১১৬ রান করেন শুভাগত। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তার সর্বোচ্চ ইনিংস। আফিফের ব্যাট থেকে এসেছে ৭৭ বলে ৬৮ রান।
২৮৮ রান তুলতে শাইনপুকুর উইকেট ৮ উইকেট হারায়। ৩ উইকেট নিয়ে ব্রাদার্সের সেরা বোলার সোহরাওয়ার্দী শুভ।
জবাবে মাইশুকুর রহমান ও ভারতীয় দেবব্রত দাসের অর্ধশতকে ৫ বল বাকি থাকতে জয় পায় ব্রাদার্স। ওপেনার মাইশুকুর ৮৮ রান করেন। দেবব্রত ৭৫ রান করতে খেলেছেন ৬০ বল। শেষদিকে ইয়াসির আলির ৩৪ বলে ৪৫ রানের ইনিংসটি জয় পাইয়ে দেয় ব্রাদার্সকে।
চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এটি ব্রাদার্সের তৃতীয় জয়। ছয় ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে তারা টেবিলের সাতে। হেরেও সমান পয়েন্ট নিয়ে রানরেটের ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের চারে অবস্থান শাইনপুকুরের। ছয় ম্যাচের সবকটি জিতে শীর্ষে আবাহনী।







