টি-টুয়েন্টিতে পাকিস্তানের কাছে শীর্ষস্থান হারানোর একদিন পরই দল শক্তিশালী করতে ব্যাটিং ও বোলিংয়ে একনম্বর তারকাদের ডেকেছে নিউজিল্যান্ড। আগামী মাসে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডকে নিয়ে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের জন্য কলিন মুনরো ও ইস সোধিকে নিয়ে দল ঘোষণা করেছে কিউইরা।
বাঁহাতি ব্যাটসম্যান মুনরো টি-টুয়েন্টির আইসিসি র্যাঙ্কিংয়ে একনম্বরে। প্রথম দুই ম্যাচ খেললেও ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও তথা সিরিজ নির্ধারণী ম্যাচে খেলতে পারেননি। নিউজিল্যান্ডও সিরিজ জিততে পারেনি। ফলে সরফরাজের দলের কাছে একনম্বর জায়গা হারাতে হয় কেন উইলিয়ামসনের দলকে।
মুনরোর সঙ্গে ‘ব্ল্যাক ক্যাপস’দের দলে ডাক পেয়েছেন টি-টুয়েন্টির একনম্বর বোলার ইস সোধিও। যদিও বিস্ময়করভাবে এবারের আইপিএল নিলামে দল পাননি এই স্পিনার। তার সতীর্থ মুনরোকে কিনেছে দিল্লি ডেয়ারডেভিলস।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচের জন্যেই শুধু দল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। ৩ ফেব্রুয়ারি সিডনিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে কিউইরা।
নিউজিল্যান্ড স্কোয়াড
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্ল্যানডেল, ট্রেন্ট বোল্ট, টম ব্রুস, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, আনারু কিচেন, কলিন মুনরো, সেথ রেন্স, মিচেল স্যান্টনার, ইস সোধি, টিম সাউদি, রস টেলর ও বেন হোয়েলার।







