শীঘ্রই বিএনপি ভিশন ২০৩০ এর বিস্তারিত নিয়ে আসছে বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ১০মে ভিশন ২০৩০ এর ওপর বিএনপি চেয়ারপারসন একটি সংবাদ সম্মেলন করবেন বলেও জানান তিনি।
শুক্রবার সকালে স্কয়ার হাসপাতালে বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এর অসুস্থ স্ত্রীকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এটি এখনো ঠিক হয়নি। তবে শীঘ্রই আমরা তা প্রকাশ করবো।
ভিশন ২০৩০ আগামী নির্বাচনী মেনিফেস্টো কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না এটা কোন নির্বাচনী মেনিফেস্টো বা সহায়ক সরকারের রূপরেখাও নয়। এটি আমাদের দেশ পরিচালচনার পরিকল্পনা।
‘আমরা ক্ষমতায় গেলে ২০৩০ কিভাবে দেশ পরিচালনা করবো তার একটি রূপরেখা। এটি আমাদের নিজস্ব স্বপ্নের বিষয়।’
বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের হস্তক্ষেপের সমালোচনা করে তিনি বলেন, প্রধান বিচারপতির বক্তব্যে দেশের বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের হস্তক্ষেপ প্রকাশিত হয়ে গেছে। এটি আমরা বারবার বলে এসেছি। কিন্তু দু:খজনকভাবে কেউ তা উপলব্ধি করেনি। দেশে গণতন্ত্র না থাকলে এই অবস্থা হয়।
বিএনপি মহাসচিব বলেন, সরকার দেশে ভিন্ন মতকে সহ্য করছে না। একদলীয় শাসনের মতো দেশ পরিচালনা করছে। তারা মূলত: ১৯৭৫ এর বাকশালকেই ভিন্নভাবে নিয়ে এসেছে। কিন্তু দেশের মানুষ তা কখনো মেনে নেবে না।







