রাজধানীর শাহজাহানপুরে রেলওয়ে মাঠে পরিত্যক্ত পাইপে পরে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় রেলের দু’জন কর্মকর্তাসহ মোট চারজনকে অভিযুক্ত করে আজ কালের মধ্যে চার্জশিট দিবে ডিবি পুলিশ। এর আগে থানা পুলিশ দুজনকে অভিযুক্ত করে চার্জশিট দিলে তা ফেরত দিয়ে ডিবি পুলিশকে পুনঃতদন্তের নির্দেশ দেয়া হয়।
তদন্তে রেলের দুই কর্মকর্তার দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের উপ পুলিশ কমিশনার মাহবুবুল আলম। রামপুরায় যে স্থানে ঢাকনা খোলা পাইপের মধ্যে পরে গিয়ে শিশু জিহাদের মৃত্যু হয় সেখানে খননের অনুমতি সংক্রান্ত নথি সংগ্রহ করে ডিবি। সেই আলামত সংযুক্ত করে রেলের দুই কর্মকর্তার দায়িত্বে অবহেলার অভিযোগে চার্জশিট দিচ্ছে ডিবি পুলিশ।
২০১৫ সালের ২৬ ডিসেম্বর বিকেলে শাহজাহানপুরে রেলওয়ে মাঠে পরিত্যাক্ত পানির পাম্পের পাইপে পড়ে যায় চার বছরের শিশু জিহাদ। ফায়ার সার্ভিসের ২৩ ঘণ্টার অভিযানে তাকে উদ্ধার করা যায়নি। পরে ২৭ ডিসেম্বর বেলা তিনটার দিকে একদল স্বেচ্ছাসেবী পাইপের ভেতর থেকে তার নিথর দেহ উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন।
অবহেলায় জিহাদের মৃত্যুর অভিযোগে পাম্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের আবদুস সালামসহ দুজনের বিরুদ্ধে ২৭ ডিসেম্বর শাহজাহানপুর থানায় মামলা করেন জিহাদের বাবা মো. নাসির ফকির।







