নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময় ডুবে যাওয়া আয়লান কুর্দিসহ আরো ৪ জনের মৃত্যুর ঘটনায় ২ সিরিয়ানকে ৪ বছর করে কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। তুরস্কের একটি আদালত এই রায় দেন।
মুফাওয়াকা আল-আবাশ ও আসেম আল-ফরহাদ নামের ওই দুই ব্যক্তিকে মানব পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করে এই রায় প্রদান করা হয়। তবে ‘ইচ্ছাকৃত অবহেলার মাধ্যমে’ মৃত্যু ঘটানোর দায় থেকে তাদের খালাস দেয়া হয়েছে।
আল-আবাশ ও আল-ফরহাদ দু’জনর বিচারই তুরস্কের বদরুম শহরে হয়। ওই শহরেরই সমুদ্র তীরে আয়লানের মৃতদেহ পাওয়া গিয়েছিলো। বিচারে দু’জনকে ৩৫ বছর করে কারাদণ্ডাদেশ দেয়া হয়েছিলো। পরে ফেব্রুয়ারিতে নিজেদের নির্দোষ দাবি করে তারা আদালতে আপিল করে।
গত ২ সেপ্টেম্বর ছোট নৌকায় করে তুরস্ক থেকে গ্রিক দ্বীপ কোসে পরিবারসহ যাওয়ার পথে ৩ বছরের সিরিয়ান শিশু আয়লান কুর্দিসহ ১০জন নৌকা ডুবে মারা যায়। আয়লানের মৃতদেহ তুরস্কের সাগরতীরে ভেসে আসলে তার ছবি তোলেন এক তুর্কি সাংবাদিক, যা সামাজিক মাধ্যমে শরণার্থী সঙ্কট বিষয়ে ঝড় তোলে এবং সমস্যাটিকে বিশ্বের সামনে তুলে ধরে।
ওই নৌকাডুবিতে আয়লানের ভাই ৫ বছরের গালিব এবং মা রিহানও মারা যান। বেঁচে যান বাবা আবদুল্লাহ। বর্তমানে তিনি ইরাকে আছেন।







