প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে এমনভাবে গড়ে তুলতে হবে যেখানে শিশুরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠতে পারে। আগামী দিনে শিশুদের জন্য সুন্দর ও শান্তিপূর্ণ জীবন-যাপনের পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মবার্ষিকী ও শিশু-কিশোর দিবস উপলক্ষে প্রতিবছরই বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট।
জাতির জনকের বিগত ৯২ থেকে ৯৫তম জন্মদিনে বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেওয়া এমন প্রতিযোগীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে।
সেখানে বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেওয়া ১৪৯ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিজয়ীদের।
তিনি বলেন, বাংলাদেশকে আমরা এমনভাবে গড়ে তুলতে চাই যেন বাংলাদেশের প্রতিটি শিশু শিক্ষায়-দীক্ষায় উন্নত হয়, আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন হয়। ডিজিটাল বাংলাদেশ আজ আমরা বাস্তব করেছি, কম্পিউটার শিক্ষা সার্বজনীন করে দিয়েছি। বাংলাদেশ এখন সবদিক থেকেই এগিয়ে যাচ্ছে বিশ্বসভায়। বাংলাদেশ এগিয়ে যাবে। আজকের শিশুরা যেন আগামীতে একটা সুন্দর ও সমৃদ্ধ জীবন পায় সেটাই আমাদের কামনা।
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে জনগণের স্বার্থে নেওয়া উদ্যোগগুলো তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই সরকার সবসময়েই জনগণের কল্যাণে কাজ করে।
তিনি আরো বলেন, আমরা রাষ্ট্র পরিচালনা করি দেশের কল্যাণের জন্য। আমরা মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছি, বিজয়ী জাতি যেন বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয় সেটাই আমাদের চাওয়া।
আগামীতে শিশুকিশোরদের এ ধরনের প্রতিযোগিতায় আরো বেশি বেশি অংশগ্রহণের মধ্যে দিয়ে দক্ষতা বাড়ানোর পরামর্শও দেন বঙ্গবন্ধুকন্যা।






