ছয় ঋতুর অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ। ঋতু পরিবর্তনের সাথে সাথে এদেশের প্রকৃতিও তার শোভা বদলে অন্যরূপে অবির্ভূত হয়। বর্ষা ঋতুকে নিয়ে রচিত হয়েছে অনেক সাহিত্য। বর্ষার গান নিয়ে সরকারি সংগীত কলেজ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে ‘বৃষ্টির পদাবলি’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো সোমবার (২৯ জুলাই) সন্ধ্যায়।
এদিন বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘বৃষ্টির পদাবলি’ শীর্ষক বর্ষার গানের অনুষ্ঠান। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও নাট্যজন লিয়াকত আলী লাকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল উদ্দিন এনডিসি ও মহাপরিচালক অধ্যাপক মো. মাহাবুবুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন সরকারি সংগীত কলেজের অধ্যক্ষ অধ্যাপক কৃষ্টি হেফাজ। আলোচনা শেষে সরকারি সংগীত কলেজ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় ‘বৃষ্টির পদাবলি’ শীর্ষক অনুষ্ঠানমালা।
অনুষ্ঠানের আয়োজনে ছিল বাঁশিতে বৃষ্টির পদাবলি, সমবেত রাগ সংগীত, আবৃত্তি, একক ও সমবেত কন্ঠে রবীন্দ্র ও নজরুল সংগীত, ধ্রুপদালাপ ও সমবেত রবীন্দ্র সংগীত (মিয়া মাল্লার গান), তবলা বাদন, বেহালা বাদন, লোক সংগীত(পট গান ও সারি গান) এবং বৃষ্টির গানের সাথে সমবেত নৃত্য।








