কুমিল্লার কলেজ ছাত্রী তনু হত্যাকাণ্ডের রহস্য খুব শিগগির উদঘাটিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তবে তদন্তাধীন বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি।
রোববার কুর্মিটোলা র্যাব সদর দপ্তরে র্যাবের যুগপূর্তি উপলক্ষে কমান্ডিং অফিসারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
সেখানে বিশেষ দরবার অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র্যাবের অপারেশনাল সক্ষমতা আরো বাড়াতে সম্ভব সবকিছু করবে সরকার।
র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ র্যাবের কার্যক্রমে যানবাহন সংকটসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পর্যায়ক্রমে তা সমাধানের আশ্বাসও দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য র্যাবের ৬টি ব্যাটালিয়নকে পুরস্কৃত করা হয়। পরে সংবাদ সম্মেলনে র্যাবে নিয়োগ-বদলীর ক্ষেত্রে পুলিশের কোটা পূরণ নিয়ে মন্তব্য করেন মন্ত্রী।






