মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীকে হত্যাচেষ্টায় গ্রেফতার হওয়া ফাইজুল্লাহ ফাহিমকে ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার দুপুরে মাদারীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট্র সাইদুর রহমান রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাকে ১৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।
ওই শিক্ষকের ওপর হামলায় সরাসরি অংশ নেয় ফাইজুল্লাহ ফাহিম, তাকসিন সামলাম ওরফে সামিল (২০) ও শাহরিয়ার হোসেন পলাশ (২০)। বাকিরা ব্যাকআপ হিসেবে কাজ করেছিল। মাদারীপুর পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।
ওই সূত্রটি আরও জানা যায়, তাদের মাদারীপুরে টার্গেট কিলিং শেষ করে অন্য জেলায় একই ধরনের মিশনে যাওয়া কথা ছিল।
হামলার ঘটনার পর ঘটনাস্থল থেকে জনতার হাতে আটক গোলাম ফাইজুল্লাহ ফাহিমসহ ৬ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে পুলিশের পক্ষ থেকে এসআই আউব-আলী বাদী হয়ে এ মামলাটি করেন।
গত বুধবার বিকেল ৫টার দিকে সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী হোস্টেলের সামনে কলেজের প্রভাষক রিপন চক্রবর্তীর নিজ ভাড়া বাসায় হামলা চালায় ৩ জন দুর্বৃত্ত। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
প্রভাষকের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে পালিয়ে যাওয়ার সময় ফাহিমকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়।
প্রভাষক রিপন চক্রবর্তীকে প্রাথমিক চিকিৎকসা শেষে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।










