নারায়ণগঞ্জের শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম ওসমানের আচরণে ক্ষুদ্ধ এবং মর্মাহত হয়েছে জাতীয় পার্টি। দলের কো-চেয়ারম্যান জি এম কাদের জানিয়েছেন, এ ব্যাপারে সেলিম ওসমান একটি ব্যাখ্যা দলের চেয়ারম্যানের কাছে দিয়েছেন। দলীয় ফোরামে এধরনের শৃঙ্খলাবিরোধী বিষয়ে অলোচনা হবে।
নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে ধর্মীয় কটুক্তির অভিযোগে কান ধরে ওঠবস করানোর ঘটনার পর থেকেই আলোচনায় জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম ওসমান। অভিযোগের প্রমাণ না পাওয়ায় বরখাস্ত হওয়া শ্যামল কান্তিকে স্বপদে ফিরিয়ে এনে ওই স্কুল পরিচালনা কমিটিও বাতিল করেছে শিক্ষা মন্ত্রণলয়। প্রতিবাদ জানিয়েছে সর্বস্তরের মানুষ। তার পদত্যাগ দাবি করেছে বিএনপি, নিন্দা জানিয়েছে আওয়ামী লীগও।
জাতীয় পার্টি আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান না জানালেও দলের কো-চেয়ারম্যান বলেছেন নিজ দলের সংসদ সদস্যের এমন আচরণে অসন্তুষ্ট তারা। জাতীয় পার্টিরকো-চেয়ারম্যানজিএম কাদের বলেন, নেতা কর্মীদের এতে করে নেতিবাচক ধারণা হবে। তারা এ ঘটনায় ক্ষুব্ধ ও মর্মাহত। তারা মনে করে দেশবাসী যেমন ভাবছে তেমনই ভাবছে তারাও। এই পরিস্থিতিতে জাতীয় পার্টির একটি অবস্থানে আসা উচিত যেন দেশবাসীর আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়। সেরকমই কিছু করা উচিত।
সেলিম ওসমানের ব্যাপারে দলীয় ফোরামে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি। তিনি আরো বলেন, পার্টির চেয়ারম্যানের সঙ্গে উনি কথা বলেছেন। উনার কিছু বক্তব্যও দিয়েছেন। প্রেসিডিয়ামে আলাপ-আলোচনা হবে। এবং সেখানে সরকারের ফাইন্ডিংস কি, আমাদের কোনো ফাইন্ডিংস খোঁজার দরকার আছে কিনা, উনার ব্ক্তব্য কি সেসব মিলিয়েই অ্যাকশন নেওয়া হবে যা নেওয়ার।
জিএম কাদের বলেছেন, সেলিম ওসমানের এমন ব্যক্তিগত আচরণের জন্য জাতীয় পার্টি দায়ভার নেবে না।








