বলিউডের কালজয়ী সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির ট্রেডমার্ক দৃশ্যগুলো সিনেপ্রেমী মানুষ মাত্রই চোখ বন্ধ করেই বলে দিবেন! সেগুলোর একটি শাহরুখ ও কাজলের রেলস্টেশনের প্লাটফর্মে চলন্ত ট্রেনের একটি দৃশ্য! আর সেটিই পুনঃনির্মাণ হলো বাংলাদেশের একটি বিজ্ঞাপনে!
যেখানে শাহরুখ খানের ভূমিকায় সেই দৃশ্যে দেখা গেছে ক্রিকেটার আশরাফুলকে, এবং কাজলের ভূমিকায় অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী সারিকা।
জনপ্রিয় এই ক্রিকেটার আশরাফুলকে বিজ্ঞাপনে শাহরুখ রূপে হাজির হওয়ায় একেবারেই ভিন্ন রূপে দেখা যায়! এর আগে কখনোই এমনভাবে দর্শক তথা তার ভক্তরা দেখেননি।
শাহরুখ খানের জনপ্রিয় সেই দৃশ্যে অভিনয় করে আশরাফুল নিজেও বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘বিজ্ঞাপনটির কনসেপ্ট আমার বেশ ভালো লেগেছে। আমি অভিনয় করতে গিয়ে নিজে বেশ রোমাঞ্চিত হয়েছি। কাজটি প্রচারে যাওয়ার পর বেশ ভালো রেসপন্স পাচ্ছি। এমন একটি ভিন্নরূপে নিজেকে দেখে সত্যিই ভালো লাগছে।’
বিজ্ঞাপনটিতে মজার একটি দৃশ্যে হাজির হন ফুড ব্লগার রাফসান দ্যা ছোট ভাই। তিনি শাহরুখ রূপী আশরাফুলকে বাধা সৃষ্টি করেন নায়িকার কাছে পৗঁছাতে! ’ফাইন’ ড্রিংকিং ওয়াটারের বিজ্ঞাপনটি এরইমধ্যে ইউটিউব ও ফেসবুকে দর্শকরা দেখে বেশ মজা পাচ্ছেন। বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হচ্ছে।
তৌকির রহমান ও রেহানুর রহমানের গল্প ও চিত্রনাট্যে বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন মুনতাসির আকিব।








