শার্দুলের রেকর্ড, পান্টের বিরল ‘সেঞ্চুরি’

ভারতীয় ক্রিকেটাররা মাঠে উল্লাসে ভাসছেন, শার্দুলের রেকর্ড ও পান্টের বিরল সেঞ্চুরি উদযাপন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনে একক আধিপত্য দেখিয়েছেন শার্দুল ঠাকুর। সাউথ আফ্রিকাকে গুড়িয়ে দেয়া ছাপিয়ে গড়েছেন একাধিক ইতিহাস। পেছনে ফেলেছেন অভিজ্ঞ কুম্বলে থেকে অশ্বিনকেও। উইকেটের পেছনে থাকা পান্টকে সুযোগ করে দিয়েছেন বিরল শতকের উদযাপনে মাতার।
প্রথম ইনিংসে ভারতকে ২০২ রানে গুটিয়ে দারুণ শুরু করেছিল প্রোটিয়ারা। ৩৫ রান ও ৯ উইকেট নিয়ে দ্বিতীয় দিনে নেমে বড় স্কোরের সম্ভাবনা দেখাচ্ছিল। স্বাগতিকদের স্বপ্নে বাধা হয়ে দাঁড়ান শার্দুল। ডানহাতি পেসার ৬১ রানে তুলে নেন ৭ উইকেট।
১০০ রানে দুই উইকেট হারানো প্রোটিয়ারা পরের শতরান জমা করতে খোয়ান আরও পাঁচ ব্যাটারকে। কার্যত একা হাতে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন শার্দুল। সেইসঙ্গে গড়েন দুর্দান্ত কয়েকটি নজির।
এটাই শার্দুলের ক্যারিয়ার সেরা বোলিং। শুধু জাতীয় দলের নয়, প্রথম শ্রেণির ক্রিকেটেও তার সেরা বোলিং। ভারতের হয়ে প্রোটিয়াদের বিপক্ষে টেস্টে কোনো বোলারের সেরা বোলিংও এটি।
শার্দুল পেছনে ফেলেছেন সতীর্থ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে। ২০১৫ সালে দেশের মাটিতে ৬৬ রানের দিয়ে ৭ প্রোটিয়া ব্যাটারকে ফিরিয়েছিলেন অফস্পিনার।
ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ভারতীয় বোলাদের সেরা বোলিংটাও করেছেন শার্দুল। পেছনে ফেলেছেন কিংবদন্তি অনিল কুম্বলেকে। জোহানেসবার্গে ১৯৯২-৯৩ সালে ৫৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন কুম্বলে।
শার্দুল শুধু নিজেই না, দারুণ এক উদযাপনের উপলক্ষ বানিয়েছেন সতীর্থ উইকেটরক্ষক রিশভ পান্টের জন্যও। সেঞ্চুরিয়নে ক্যাচ ও স্টাম্পিংয়ে শতক ডিসমিসালের রেকর্ড গড়া পান্ট উইকেটের পেছনে ক্যাচের শতক ছুঁয়েছেন। প্রোটিয়া টেলএন্ডার এনগিডিকে রিশভের ক্যাচ বানান শার্দুল। তাতে মহেন্দ্র সিং ধোনি, কিরন মোরে, সৈয়দ কিরমানির পর চতুর্থ ভারতীয় হিসেবে অনন্য রেকর্ডের ক্লাবে পা রাখেন।
শার্দুলের দিনে টেস্টে দারুণ অবস্থায় ফিরেছে ভারত। দিনশেষে তাদের ২ উইকেট পড়ে গেলেও ৫৮ রানের লিড নিয়ে ফেলেছে সফরকারীরা। তৃতীয় দিন ৮৫ রানে শুরু করবেন রাহানে-পুজারা। ৩৫ রানে ব্যাট করছেন পুজারা, ১১ রানে রাহানে। অধিনায়ক রাহুলকে ৮ রানে ফিরিয়েছেন মার্কো। অলিভারের শিকার মায়াঙ্ক আগারওয়াল (২৩)।






