উইম্বলডন টেনিসে মেয়েদের এককে ফাইনালে উঠেছে মার্কিন তারকা সেরেনা উইলিয়ামস। চারবারের উইম্বলডন শিরোপা জেতা সেরেনা উইলিয়ামসের সামনে দাঁড়াতেই পারেননি রাশিয়ান মারিয়া শারাপোভা। মাত্র ৭৯ মিনিটে রুশ সুন্দরীকে সেমিফাইনাল থেকে বিদায় করেন মার্কিন কৃষ্ণসুন্দরী।
প্রথম সেটে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা গড়ার আগেই ৬-২ গেমে জয় পান সেরেনা। ২০টি একক গ্র্যান্ডস্ল্যাম জয়ী সেরেনার বিপক্ষে দ্বিতীয় সেটে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন টেনিসের গ্ল্যামার গার্ল। তবে ৬-৪ সেটে ম্যাচ জিতে ফাইনালে উঠে যায় সেরেনা উইলিয়ামস। এই নিয়ে গত ১২ বছরের শারাপোভার বিপক্ষে টানা ১৭ টি ম্যাচ জিতলেন সেরেনা।
অন্য সেমিফাইনালে স্প্যানিশ গেরবাইন মাগুরুজার কাছে হেরেছে আগ্নিয়েস্কা রাদওয়ানস্কা। প্রথম সেটে ৬-২ গেমে হারলেও দ্বিতীয় সেটে ৩-৬ এ জিতে সমতায় ফেরে পোলিশ টেনিস তারকা। তবে তৃতীয় ও শেষ সেটে ৬-৩ এ হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নেন রাদওয়ানস্কা। ফাইনালে প্রথমবারের মতো মুখোমুখি হবে দুই তারকা।







