একজন জাতীয় দলের হয়ে একটি টি-টুয়েন্টির বেশি সুযোগ পাননি, অন্যজন তিন ফরম্যাট মিলিয়ে ২৫টি আন্তর্জাতিক ম্যাচ খেললেও জাতীয় দলে থিঁতু হতে পারেননি। কিন্তু রনি তালুকদার ও শামসুর রহমান ঘরোয়া ক্রিকেটে রানমেশিনই। রোববার দুর্দান্ত সেঞ্চুরি করে সেটাই আরেকবার দেখালেন দুজনে। তাদের শতকে রান পাহাড়ে চেপেছে মোহামেডানও।
বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে যেন খাল কেটে কুমিড় ডেকে এনেছেন শেখ জামাল অধিনায়ক রাজিন সালেহ। শামসুর রহমান ইনিংসের আগাগোড়া ব্যাট করে ১৪৪ রানে অপরাজিত, রনি তালুকদারের ব্যাটে এসেছে ১১০ রানের ইনিংস। তাতে ধানমন্ডির ক্লাবটির বিপক্ষে ৫ উইকেটে ৩৩৯ রানের বিশাল সংগ্রহ গড়েছে মোহামেডান।
সকালে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই শেখ জামাল বোলারদের বেধড়ক পিটিয়েছেন দুই উদ্বোধনী শামসুর রহমান শুভ এবং সৈকত আলী। ৫.৭০ গড়ে দুজনে ৭৬ রান তুলেছেন। ২৮ বলে ৩৯ করে সৈকত আউট হয়ে গেলে শামসুরের সঙ্গী হন রনি।

দ্বিতীয় উইকেটে ১৭৩ রান এসেছে রনি-শামসুরের ব্যাটে। দুজনেই হাঁকিয়েছেন লিস্ট ‘এ’তে নিজেদের তৃতীয় এবং ক্যারিয়ার সেরা সেঞ্চুরি।
৯৯ বলে ১০ চার এবং ৩ ছয়ে ১১০ রান করে রনি সাজঘরে ফেরেন। আর শামসুর ইনিংসের আদ্যোপান্ত ব্যাট করে ১৫২ বলে সমান ৭টি করে ছক্কা-চারে ইনিংসটি সাজিয়ে ১৪৪ রানে অপরাজিত থেকে ব্যাট উঁচিয়ে মাঠ ছেড়েছেন।







