এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রের বিরুদ্ধে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। পরে শিক্ষক-শিক্ষার্থীরা ওই ছাত্রীকে উদ্ধার করে এবং অভিযুক্তকে পুলিশে সোপর্দ করা হয়।
শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে শাবি ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
সিলেট মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে কোপানোর ঘটনায় দেশজুড়ে তোলপাড়ের মধ্যেই শাবি ছাত্রীর ওপর হামলার এই খবর প্রকাশ করেছে সিলেটটুডে টোয়েন্টিফোর।
সিলেটটুডে টোয়েন্টিফোর’র প্রতিবেদন থেকে জানা যায়, নির্যাতিত ছাত্রী শাবি’র নৃবিজ্ঞান চতুর্থ বর্ষের। এ ঘটনায় নির্যাতনকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র কাওছার আহমদকে গণধোলাই দেয় সাধারণ শিক্ষার্থীরা।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। ওই ছাত্রীর সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো বলে পুলিশের কাছে দাবি করেছেন কাওছার। আজকের ঘটনাকে ভুল বুঝাবুঝি হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। তাদের দু’জনের বাড়িই হবিগঞ্জ জেলায়।
শুক্রবার দুপুরে মেয়েটির সাথে দেখা করতে ক্যাম্পাসে আসেন কাওছার আহমদ তার বোনকে নিয়ে। ক্যাম্পাসে আলাপচারিতার একপর্যায়ে ভাইবোন মিলে ওই শিক্ষার্থীকে মারধর করতে থাকেন। এসময় শাবি অধ্যাপক সামসুল আলম ও সাজেদুল করিম ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় কাওছারকে থামানোর চেষ্টা করেন। এতে কাওছার ক্ষুব্ধ হয়ে শিক্ষকদের উপরই চড়াও হন। পরে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে কাওছারকে মারধর করেন।
ঘটনার খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ক্যাম্পাসে গিয়ে কাওছার ও তার বোনকে উদ্ধারের চেষ্টা চালায়। এসময় শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়ে পুলিশ। পরে শিক্ষার্থীদের শান্ত করে কাওছার আহমদ, তার বোন ও লাঞ্ছিত ছাত্রীকে থানায় নিয়ে আসে পুলিশ।






