এমনিতেই বেশ চাপে আছেন জেরার্ড পিকে। মাঠের খেলায় তার এবং দল বার্সেলোনার পারফরম্যান্স কয়েকসপ্তাহ ধরেই নিম্নগামী। তার উপর প্রতিপক্ষের মাঠে স্ত্রী শাকিরাকে জড়িয়ে কটুকথাও শুনতে হয়েছে স্পেনের বিশ্বকাপ জয়ী এ ডিফেন্ডারকে!
ঘটনাটা গত রোববারের। লা লিগায় ভ্যালেন্সিয়ার মাঠে আতিথ্য নিয়েছিল বার্সা। ম্যাচের ৩৫ মিনিটে গ্যালারি থেকে পিকেকে ঘিরে হঠাত অশ্লীল গান গেয়ে ওঠে ভ্যালেন্সিয়ার সমর্থকরা, ‘পিকে তুমি পরিচয়হীন। শাকিরার পেছনে লেজ আছে। তোমার ছেলে দত্তক, আর তুমি সমকামী!’
ভ্যালেন্সিয়ার সমর্থকদের এমন গানে নড়েচড়ে বসেছে লা লিগা কর্তৃপক্ষ। তাদের অনুসন্ধানে উঠে আসে ১ হাজার সদস্যের ওই দলটির নাম কারভা নর্ড গ্রুপ। ম্যাচের দিন মাঠের দক্ষিণ প্রান্তে বসে মাত্র ১০ সেকেন্ডেই পিকেকে আক্রমণের কাজটি করেছে গ্রুপটি।
কেবল পিকেই নয়। গত সপ্তাহে আলাভেসের মাঠে অপমান করা হয়েছে রিয়াল মাদ্রিদকেও। লস ব্লাঙ্কোসদের উদ্দেশ্য করে অপমানসূচক একটি ব্যানার ঝুলিয়ে দেয় আলাভেসের কিছু উল্লেখযোগ্য সমর্থক। দুই ম্যাচে এ ধরনের দুই গর্হিত কাণ্ডকে গুরুত্বের সঙ্গে নিয়ে অনুসন্ধান শুরু করেছে লা লিগা।







