‘দেব তোকে দেব ষোলআনা/করিস না বাহানা/মেরি গলি আ যা না’—শাকিব খান আর শুভশ্রী অভিনীত নতুন ছবির গান। ছবির নাম ‘নবাব’। আসছে এবার ঈদে। গত বুধবার জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হলো গানটি। এরই মধ্যে ৭ লাখ ১৪ হাজার বার দেখা হয়ে গেছে।
কী আছে গানটিতে? ভারতের এ সময়ের বাংলা বাণিজ্যিক ছবির গানগুলো যেমন হয়, ঠিক তেমনই। কিন্তু শাকিবের উপস্থিতি, শাকিবের অভিনয়, শাকিবের নাচ—তা দেখে মুগ্ধ হয়েছেন সবাই। এসেছে দারুণ দারুণ মন্তব্য করেছেন। শাকিবের নাচ নিয়ে উচ্ছসিত প্রশংসা করছেন সবাই। সব মিলিয়ে গানটি পেয়েছে অন্য মাত্রা।
এদিকে ‘নবাব’ ছবিতে শাকিব খানের সঙ্গে কাজ করে দারুণ খুশি ভারতের বাংলা ছবির এ সময়ের অন্যতম জনপ্রিয় নায়িকা শুভশ্রী। গত ২৩ মে শুভশ্রী ফেসবুকে প্রকাশ্যেই বললেন, ‘মিসিং মাই হিরো শাকিব খান।’
২৩ মে থেকে কলকাতায় শুরু হয়েছে ‘চালবাজ’ ছবির শুটিং। যৌথ প্রযোজনার এই ছবিতে অভিনয় করবেন শাকিব খান ও শুভশ্রী। ২০ জুন লন্ডনে এই ছবির টিমের সঙ্গে যুক্ত হবেন শাকিব। তিনি এখন ব্যস্ত ‘রংবাজ’ ছবি নিয়ে। তাই ‘চালবাজ’ ছবির মহরতে থাকতে পারেননি। আর এ কারণেই মহরতের ছবি ফেসবুকে পোস্ট করে মনের কথা লিখেছেন শুভশ্রী।
‘নবাব’ যৌথ প্রযোজনার ছবি। বাংলাদেশ থেকে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া আর ভারতের এস কে মুভিজ।
শাকিব খান আর শুভশ্রী অভিনীত ‘নবাব’ ছবির গান :







