বিনোদন

শাকিব খানকে প্রথম দেখেই মনে হলো ‘ওয়াও!’

শাকিব খানকে প্রথম দেখেই মনে হলো ‘ওয়াও!’

লিয়ানা লিয়া

লিয়ানা লিয়া। মিউজিক ভিডিওর মডেল। হাবিব ওয়াহিদের ‘তুমি আমায়’, বেলাল খানের ‘কত যে অপেক্ষা’, প্রত্যয় খানের ‘মাঝে মাঝে’ আর সম্প্রতি ইমরানের ‘ধোঁয়া’ গানের মিউজিক ভিডিওর মডেল হয়েছেন। বোঝাই যাচ্ছে, যাদের সঙ্গে কাজ করেছেন, তাতে আলোচিত হওয়াটাই স্বাভাবিক। এরই মধ্যে তাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। তাতে তিনি বিচলিত নন, বরং উপভোগ করেছেন। এবার তিনি চলচ্চিত্রে অভিনয় করছেন। শাকিব খানের বিপরীতে! ছবির নাম ‘রংবাজ’। এখন শুটিং হচ্ছে পাবনায়। গতকাল বুধবার বিকালে সেখান থেকে মুঠোফোনে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বললেন তিনি।

‘রংবাজ’ ছবিতে তো শাকিব খানের নায়িকা বুবলী। আপনি?

আমিও শাকিব খানের নায়িকা। তবে ছবিতে আমি দ্বিতীয় নায়িকা। স্যাক্রিফাইসিং চরিত্রে অভিনয় করেছি।

‘রংবাজ’ আপনার প্রথম ছবি?

জ্বি।

প্রথম ছবিতেই স্যাক্রিফাইস করছেন?

তাতে কী! আমি প্রথম ছবিতেই শাকিব খানের সঙ্গে অভিনয় করছি, এটাই তো অনেক বড় ব্যাপার! শাকিব খান আমার নায়ক, শুধু এটুকুই ভাবুন!

শাকিব খানের সঙ্গে দেখা হয়েছে?

হ্যাঁ।

দেশের চলচ্চিত্রের শীর্ষ নায়কের সঙ্গে দেখা হলো। কেমন লেগেছে?

শাকিব খানকে প্রথম দেখেই মনে হলো ‘ওয়াও!’। আমি শাকিব খানের সামনে দাঁড়িয়ে আছি! তার সঙ্গে কথা বলছি! তার আর আমার মাঝে মাত্র এক হাত দুরত্ব! এই অনুভূতি বলে বোঝানো যাবে না।

একটুও ভয় পাননি?

দেখা হওয়ার আগে খুব ভয়ে ভয়ে ছিলাম। ভেবেছিলাম তিনি খুব মুডি হবেন। রাগী হবেন। রাশভারি স্বভাব। দেখেই হয়তো ধমক দেবেন। পরে দেখি, আমার সব ধারণাই ভুল। শাকিব খান চমৎ​কার মানুষ।

কী বললেন শাকিব খান?

আমার নাম জিজ্ঞাসা করলেন। পড়াশোনা। আর কী করছি। আমাকে উৎ​সাহ দিয়েছেন। প্রথম ছবি, কাজটা ভালো ভাবে করার জন্য বলেছেন।

কাজটা ভালো ভাবে হবে তো?

অবশ্যই। আমি অপেক্ষা করে আছি, কখন গিয়ে ক্যামেরার সামনে দাঁড়াব।

সেকি, এখনো শুটিং শুরু হয়নি?

না, ছবির সেট তৈরি হয়েছে আর শিল্পীদের লুক ঠিক করা হয়েছে। এর মধ্যেই শুরু হয়েছে। আমার শুটিং শুরু হয়নি। কী জানি, যখনই শুরু হউক, আমি তৈরি।

‘রংবাজ’ ছবির নায়িকা বুবলী। তার সঙ্গে দেখা হয়েছে?

এখনো দেখা হয়নি।

‘রংবাজ’ ছবিতে সুযোগ হলো কীভাবে?

পরিচালক শামীম আহমেদ রনি আরও আগেই আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তার অন্য ছবিতে আমাকে কাস্ট করতে চেয়েছিলেন। আমিই রাজি হইনি। এবার বলা মাত্র আমি রাজি। আর কেন রাজি হয়েছি, তা তো আগেই বলেছি।

মডেলিং করছেন, এবার চলচ্চিত্রে অভিনয় করছেন। পড়াশোনা?

গত বছর উচ্চ মাধ্যমিক পাশ করেছি। এখনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইনি।

কোন কলেজের ছাত্রী ছিলেন?

মিরপুর আইডিয়াল গার্লস কলেজ। ১০ নম্বরে।

এবার একটু অন্য প্রসঙ্গ, ইমরানের সঙ্গে ‘ধোঁয়া’ গানের মিউজিক ভিডিওতে আপনাদের রোমান্স দেখে আমরা কী ভাবতে পারি?

একদম কিচ্ছু ভাববেন না! ইমরান আর আমি ভালো বন্ধু। ওই বন্ধুত্ব পর্যন্তই দাড়ি। এরপর আর কিছুই ভাবা চলবে না।

কিন্তু কিছু একটা যে বারবার মাথায় আসছে!

এখানেই আমাদের কাজের স্বার্থকতা। আমরা যা চেয়েছি, তা পেরেছি। ইমরান নিজেও বলছিল, ওর কোনো মিউজিক ভিডিওতে এতটা রোমান্স ছিল না। আমরা প্রফেশনালি কাজটা করতে চেয়েছি।

আপনার নাম লিয়ানা লিয়া। কেন?

আম্মু আমাকে লিয়ানা বলে ডাকেন। কিন্তু সবাই এই নামে ডাকতে পারে না। তাই আমি নিজের নামটা একটু ছোট করে বলছি ‘লিয়া’। সেই থেকে লিয়ানা লিয়া।

এরপর কোন ছবি​র শুটিং করবেন?

আরেকটা ছবির ব্যাপারে কথা হচ্ছে। ছবির নাম ‘ডেঞ্জার জোন’। বাপ্পি আর জলি অভিনয় করবেন। এখনো চূড়ান্ত করিনি। ২ মে ঢাকায় ফিরব। এরপর কলকাতায়ও যেতে হবে। এর মাঝেই হয়তো কথা বলব।

অনেক কথা হলো। ভালো থাকবেন।

ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন।

বিষয়:লিয়ানা লিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…